বেড়াতে গিয়ে মজারু ৭৪
বেড়াতে গিয়ে মজারু ৭৪
ভোর হলো পাঁচমারিতে , সেদিন আমরা বেরিয়ে পড়ব ভোপালের উদ্দেশ্যে। এইবারের ভ্রমণের শেষ গন্তব্য। ভোপাল থেকেই আমাদের চতূর্থ দিন ঘরে ফেরার কথা। পাঁচমারিতে দুখান গাড়িতে আলাদা আলাদা হয়ে ১১ জন ঘুরেছিলাম। বেড়ানোর শেষে আমরা এক হলাম আবার। সেদিন লটবহর গুনে গেঁথে নিয়ে হোটেলের নিচে নেমে দেখলাম, আমাদের ১১জনকে পুনরায় একত্রিত করার জন্য হাজির আরেক খান টেম্পো ট্রাভেলার। যাত্রা শুরু হল। সকলে সমস্বরে পাঁচমারি কে বিদায় জানিয়ে এগিয়ে চললাম। সেদিন ভোপাল পৌঁছানোর আগে ভাগেই আমাদের দুখান দ্রষ্টব্য দেখে নেওয়ার প্ল্যানিং। দুখান স্থান ভোপালেই, তবে শহরে ঢোকার কিঞ্চিত আগে। পথে বেরনোর আগে আমরা বেশ জনা ৬/৭ নানান ধরনের বড়ি ( ট্যাবলেট ) গলধঃকরণ করেছি। পথে বেরলে শিবরাম চক্রবর্তীর গল্পের ধারায় বইতে থাকি ... লেখক তাঁর কোন এক গল্পে ( হর্ষবর্ধন -গোবর্ধন সিরিজ )লিখেছিলেন ... রোগ হবার আগেই সারাও। যদির কথা নদীতে রেখে এগিয়ে দেখেছি , যদিকে নস্যাৎ করে নানান ব্যারাম হাজির হয়েছেই ... দোষ নেইকো, ভিন্ন পরিবেশ, বিভিন্ন রকমের মশলাদার খাবার, দীর্ঘ যাত্রার অনভ্যাসে শরীরের নাটক চলতেই থাকে , তাকে দাওয়াই দিতেই হয় । অতএব আগে ভাগেই হোক তবে !!!!
আমাদের প্রথম গন্তব্য ভীমভেটকা গুহা পৌঁছনোর কথা ঘন্টা চারেক পরে। কাজেই চলতে চলতে এইবার পছন্দের গানের রিকুইজিশন অনুযায়ী আমার কর্তা মশাই গান বাজনা চালু করে দিলো ... ব্লু টুথ, নেট ইত্যাদি প্রভৃতি সেট করে । গান , মসৃণ পথের ঝাঁকুনি বিহীন চলন , ভরপেট খাবার আর ট্যাবলেট সবের জগাখিচুড়ী এফেক্টে অনেকেই ঝিমুনি মোডে চলে গেলাম। তবে নেট মাঝে মাঝেই সেট থাকছিল না, তখন গান বন্ধ থাকছিল। নেটের চলমান অবস্থায় অনিন্দ্য র পছন্দের৭০/৮০/৯০ এর গান চলছিল , সাথে আমরাও কেউ কেউ মনের মতন গানের অনুরোধের আসর বসিয়ে দিয়েছিলাম। আপাত শান্ত অনিন্দ্য , স্বভাব বিরুদ্ধ গানের অনুরোধ করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছিল। কখনো জি লে লে , তো কখনো বা আজ উনসে পেহেলি মুলাকাত হোগি ... কি কনট্রাস্ট রে ভাই !!! আবার কখনো তাম্মা তাম্মা তো কখনো আবার একদম নতুন আনকোরা গান । দেবাশ্রিতা র গাওয়া গানের সুরের মূর্ছনায় আমরা ভাসতে ভাসতে এগিয়ে চললাম।
একখান লেভেল ক্রসিং পেরিয়ে খানিকটা এগিয়ে, যথা সময়ের বেশ আগেই ( ঘন্টা তিনেকেই)আমরা এসে নামলাম ভীমভেটকার গুহার সামনের প্রশস্ত চত্বরে। ভিতরে একজন গাইডকে পাকড়াও করে আমরা সব জানতে জানতে , দেখতে দেখতে চললাম। আদি প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, পরবর্তী সময়কালের গুহা চিত্রের বৈচিত্র্যে মুগ্ধতা যেন কাটতেই চায় না !!! এই সবের আবিষ্কারক এক ভারতীয়।এ ব্যাপারখান ও দারুণ, তাই না ? মুঘল, ব্রিটিশ কারোর নজরে এই বিন্ধাচলের জঙ্গলাকীর্ণ অঞ্চল পড়েনি। ভাগ্যিস !!!! একজনরা হয়তো বা ধ্বংসের গল্প লিখে সব নিঃশেষ করত , অন্যরা নিজেকে জাহির তো করতো ই, নষ্ট না করুক। নেহাৎ গুহা চিত্র নতুবা আবার বগলদাবা করাও বিচিত্র নয়কো !!! দু দলের ট্র্যাক রেকর্ড অতি মন্দ বটে।বিন্ধ পর্বত ও সাতপুরা পর্বতমালা,এদের সাথে হাতে কলমে থুড়ি পেনসিলে পরিচয় কি আর আজকের গো !!! সেই আমাদের স্কুলের ভূগোলের উমা দিদিমণির হাত ধরে ম্যাপ পয়েন্টিং এর সুবাদে। যিনি পৃথিবীর সূর্যের চারদিকে ঘূর্ণন বোঝাতে নিজের ডেস্কের পাশ দিয়ে চক্কর কেটে আমাদের যারপর নাই আনন্দ দিতেন। পরবর্তী কালে এই পাণ্ডব গুহা আর ভীমভেটকা র কথা খানিক খানিক জেনে রোমাঞ্চিত হয়ে , মনে মনে লালন করেছি , ভেবেছি... কখনো,কোনোদিন হয়তো বা যাব , দেখব । কিন্তু তাদের যে আরেক পরিচিতি এই সাতপুরা পর্বত ও বিন্ধ পর্বত তার পরিচয় সম্পূর্ণ হলো , লালন পালন করা স্বপ্ন পূরণের সাথে সাথে। এক সাথে কতখানির যে প্রাপ্তি, তার ব্যাখ্যা করার ভাষা কম পড়বে।
দেখছি আর মুগ্ধ হচ্ছি, এদিকে ছোট্ট মানুষ হিল্লোলের এই সব কি ভাল লাগে ?? হেঁটে হেঁটে খান কতক গুহার দেয়ালে হিজিবিজি খিজি খাঁ আঁকা দেখে বড়দের আদেখলাপনাতে সে অবাক হতে ভুলে গিয়ে ভয়ানক রেগে গেল , এ সবের থেকে সে অনেক ভাল drawing করে , আর তার যে পা ব্যাথা করছে , খুব ক্ষিদে পেয়েছে, কারোর সে খেয়াল নেইকো !!! অতএব সে একজায়গায় পাথরের ওপরে বসে ফতোয়া জারি করল ... " আমি আর হাঁটব না মোটেও, এই বসলাম" । এই কেলেঙ্কারি। অনেক ধমকে,বকে লাভের লাভ কিছুই হলো না । মা হাল ছেড়ে গুহা চিত্রে মন দিল , অনিন্দ্য ছানার মুণ্ডি ঠাণ্ডি করতে আমাদের কিঞ্চিত এগিয়ে যাওয়ার পরামর্শ দিলো। আমরা খানিক খানিক এগিয়ে টুকটাক ছবি তোলায় মনোনিবেশ করলাম। দেবাশ্রিতা মুগ্ধতা ভাগ করল ভিডিও কলের দ্বারা, তার মায়ের সাথে। ভিডিও কলে বন্ধু র সাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে হিলুয়াকে হাত করা হোলো । আমরা বেরিয়ে পড়লাম খাবার খেতে। বেলা তখন প্রায় প্রায় চারটে , হাইওয়েতে একখান ফুড প্লাজা পাওয়া গেল .... যদিও.... ভেজ হলেও , খিদের মুখে ভেজ, নন-ভেজ ম্যাটার করে না। মিলিয়ে মিশিয়ে সব ধরনের খাবার অর্ডার করা হল। সেখানে ডিলাক্স ভেজ থালিতে সীমাবদ্ধ না থেকে ভেজ নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান হাজির হতে না হতেই হাজির হল নান সহ পনীর । এই যাহ্ কন্টিনেন্টাল খান বাদ পড়ে গেল !!! খ্যাটন শেষে আমরা চললাম ভারতের সর্ব উচ্চতা বিশিষ্ট শিব লিঙ্গের দর্শন করতে।
অল্প পরেই ভোপাল শহরের উপান্তে অবস্থিত ভোজেশ্বর মহাদেবের মন্দিরে এলাম। গাড়ি থেকে নেমে খানিক এগিয়ে গেট পেরিয়ে এক প্রশস্ত চত্বরের মাঝে অবস্থান করছেন মহাদেব। চত্বর খান খানিক উঁচুতে, গাড়ি থেকে নেমে আমরা অল্প চড়াই পেরিয়েই সেখানে ঢুকলাম। ওপর থেকে নিচের শহর আর দিগন্তে বিলীন হওয়ার আগের সূর্য তখন এক অপরূপ সৌন্দর্য বৃদ্ধি করছিল। কিন্তু পরন্তু কথা হল ... সৌন্দর্যের বিপরীতে ছিল মূর্তিমান বিপদ , তাও বিপুল সংখ্যক। হ্যাঁ এখানে একদম রাম ভক্তদের ভিড়। যা বুঝলাম, সারা মধ্যপ্রদেশ জুড়ে কোথাও বানর সেনা, কোথাও হনু বাহিনী, যারাই থাকুন , এদের ভক্তিতে no একচোখামী।শ্রী রাম আছেন মাথায় , তা বলে ভোলে বাবা মোটেও ব্রাত্য নন। এদিকে আমার লোকাল গার্জেনের সংখ্যা এখন ১+১=২, বাঁশের চেয়ে কঞ্চি দড়ো। এ কথা কে না জানে ? কন্যা তার বাপের থেকে কয় কাঠি এগিয়ে, সুতরাং হনু বাহিনী দেখেই কাহিনীতে টুইস্ট হাজির। ভাব দিয়ে সবে ডুবন্ত সূজ্জি মামাকে ক্যামেরা বন্দি করব ভেবে, ব্যাগ থেকে তাকে বের করছিলাম .... বাপ আর কন্যা almost হনু দের মতন লাফ মেরে , হৈ চৈ জুড়ে একাকার। মনে হল হনু বাহিনীই ক্যামেরা ছিনতাই করে সূর্য ডোবা র পালা ক্যামেরা বন্দি করবে !!! পত্র পাঠ ক্যামেরা ব্যাগ বন্দী হল। ভারি দুঃখ হলো .... এতো সুন্দর ছবিখানি মন ক্যামেরাতেই থাকল !!! কিন্তুক সবাইকে না দেখালে আজকাল মন ভেঙে খান খান হয়ে যায় !!! যাক গে, কি আর করা , আস্তে ধীরে অসংখ্য হনু ও ভক্তদের সাথে চললাম ভোজেশ্বর মহাদেবের দর্শনে। সামনের এক এক ভক্তের পূজোর ডালা নিমেষে কোন না কোন হনুর বৈকালিক ভোজন সম্পন্ন করে , স্থানে র নাম সার্থক করছে , তাও দেখলাম দু চোখ ভরে। হাঁ হয়ে দেখলাম... জবা ফুল , ফল ও মিষ্টান্ন সহযোগে এক হনু, কচমচিয়ে চিবিয়ে খেয়ে নিল। আমরা ভাগাভাগি করে হনু সহ মন্দির দেখে এলাম। মন্দির থেকে বেরনোর সময় এক হনু আবার অনিন্দ্য র সাথে আলাপিত হতে এলো !!! এবারে ত্রাণ কর্ত্রী আমার কন্যা।আমার কন্যা র হাত ধরে অনিন্দ্য মন্দির ত্যাগ করল। মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে পড়লাম। দিনের শেষে তখন শরীরে ও মনে ক্লান্তির ঢল।
এদিকে সব রাজ্যে গিয়ে দেবাশ্রিতার ফুচকা খাওয়ার ছেলেমানুষী তে হাওয়া দিয়ে চাগিয়ে রেখেছিল রাম কুমার দা। ভোজেশ্বর মহাদেবের দর্শনে যাওয়ার আগেই একখান ফুচকার ঠেক দেখে রেখে যাওয়া হয়েছিল। ফেরার পথে সেখানে চেক করে ফুচকা খেয়ে দেখা হল। রামু দা আমাদের দেবুর ফুচকা খাওয়ারত ছবি তুলে ফেলল। দলের বাকি কেউ কেউ ওখানেও কিঞ্চিত কেনাকাটা করল। এরপরে ক্লান্ত, অবসন্ন আমরা টেম্পো ট্রাভেলারের সীটে নিজেদের সঁপে দিয়ে ভোপালের হোটেলের দিকে এগিয়ে চললাম। সন্ধ্যা নামল পথেই , আমরা অবশেষে ভোপালের আপাত বাসস্থানে পৌঁছলাম।
Comments
Post a Comment